কলকাতার ফুচকা : ছোটবেলার লুকিয়ে খাওয়া স্মৃতি
উফ্ফ, কতদিন ফুচকা খাইনি — বাঙালির সেরা কান্না বোধহয় এইটাই।
বাংলার বাইরে অনেকদিন থাকলেই বোঝা যায়, বাড়ি আর শহরকে মনে করার কত সহজ একটা উপায় আছে। একটা শব্দই যথেষ্ট — ফুচকা।
ফুচকা মানেই শুধু রাস্তার খাবার নয়। এর সঙ্গে জড়িয়ে আছে স্কুল ছুটির বিকেল, পাড়ার মোড়ে দাঁড়িয়ে বন্ধুরা মিলে লুকিয়ে খাওয়া, আর বাড়ি ফিরে বাবা-মায়ের কাছে ধরা পড়ার ভয়।
মজার বিষয় হল, প্রায় সব বাঙালি বাড়িতেই ফুচকা খাওয়া নিয়ে প্রথম আপত্তিটা আসে বাবা-মায়ের কাছ থেকেই।
স্কুলের সামনে ফুচকা — অনেক বাঙালির ছোটবেলার এক চেনা বিকেল
ফুচকা খাওয়া নিয়ে বাবা-মায়ের চিরন্তন আপত্তি
আমাদের বাড়িতেও তার ব্যতিক্রম ছিল না। ছোটদেরকে ফুচকা খাওয়া যাবে না—এই সিদ্ধান্তটা যেন সব বাড়িতেই আগে থেকেই নেওয়া থাকে।
কারণও অজস্র।
“নর্দমার জল দিয়ে বানানো ওই টকজলটা!”
“তেঁতুলটা বাসন মাজার তেঁতুল!”
“ওই গামছায় নাক ঝাড়ে, আবার ওই গামছাতেই হাত মুছে আলু মাখে!”
সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগটা ছিল—
“বাথরুম করে সারাদিন হাতই ধোয় না।”
সবাই যেন বসে বসে দেখে—এমনভাবেই বলা হত কথাগুলো। কিন্তু তাতে কি আর ফুচকার আকর্ষণ কমে?
স্কুলের বাইরে লুকিয়ে ফুচকা খাওয়ার প্রথম এডভেঞ্চার
স্কুল ছুটি হলেই পাড়ার মোড়ে সেই ফুচকার ঠেলাটা যেন আমাদের জন্যই অপেক্ষা করত।
প্রথম দিনটা অবশ্য খুব সাহস করে কেউই একা খেত না।
চারটে ফুচকা—এক প্লেট।
কখনও দুইজন, কখনও চারজন মিলে ভাগ করে খাওয়া।
ছোট হলেও এক ভয় আর দুই বুদ্ধি তখনই কাজ করত।
Sharing is caring—এই কথাটা বোধহয় তখন থেকেই বন্ধুত্বের ভিত শক্ত করত। একেকজন যেন ক্রাইম পার্টনার।
প্রথমে একটু বুঝে শুনে দেখে নেওয়া—কিছু হলো কিনা। মানে পেট খারাপ হলো কিনা, আর বাড়িতে ধরা পড়লাম কিনা।
এই দুই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই শুরু হত আসল ফুচকা এডভেঞ্চার।
ফুচকা : এক অদ্ভুত ইউনিভার্সাল খাবার
ফুচকা এক অদ্ভুত খাবার।
আমিষ-নিরামিষের উর্ধে — শুধু ফুচকা আর পুড়ি।
ভারতের প্রায় সব জায়গাতেই এর কোনো না কোনো রূপ আছে। তবে বাঙালি ফুচকার একটা আলাদা সরলতা আছে।
এখানে খুব বেশি রান্নাবান্না নেই। ফুচকাটা ভাজা হয়, আলু সেদ্ধ হয় — ব্যস। তারপর কাঁচা লঙ্কা, তেঁতুল জল, মশলা—এই সব মিলিয়ে তৈরি হয় সেই অমৃত স্বাদ।
ভারতের অন্য জায়গায় কিন্তু তার অনেক রকম সাজসজ্জা। চিজ ফুচকা, দই ফুচকা, নানারকম চাটনি।
ফুচকার ইতিহাস : জলসত্র থেকে গোলগাপ্পা
ইতিহাস ঘাঁটলে দেখা যায়, জায়গা বদলের সঙ্গে সঙ্গে বদলেছে নাম আর স্বাদও।
বাংলায় আমরা যাকে বলি ফুচকা,
উত্তর ভারতে সেটাই গোলগাপ্পা,
আর অনেক জায়গায় পানিপুরি।
প্রাচীন পুঁথিতে নাকি “জলসত্র” নামের এক মুখরোচক খাবারের উল্লেখও পাওয়া যায়। অনেকে মনে করেন, সেই জলসত্রই হয়তো আধুনিক ফুচকার প্রাচীন পূর্বসূরি।
আজ মহারাষ্ট্র, গুজরাত বা মধ্যপ্রদেশে চিজ ফুচকারও বেশ চল আছে। আবার দই ফুচকার নিজস্ব জনপ্রিয়তা তো আছেই।
কিন্তু বাঙালির কাছে ফুচকার মানে এখনও সেই ঝাল-টক-মশলাদার আলুমাখা।
কলকাতায় ফুচকা খাওয়ার নিজের নিয়ম
ধরা পড়ার পর একসময় আমিও সেই বেদবাক্য শুনেছি।
“ঠিক আছে, খাচ্ছ খাও। কিন্তু ফুচকা খাওয়া নিয়ে কোনো কম্পিটিশন নয়। সরকারি হাসপাতালে ভর্তি করিয়ে দাঁড়িয়ে পাহারা দেওয়ার শক্তি নেই।”
আর একটা নিয়ম ছিল—অচেনা জায়গা থেকে ফুচকা খাওয়া যাবে না।
ফুচকাওয়ালার আশেপাশে যেন ডাস্টবিন বা নোংরা না থাকে। চেনা পাড়ার স্টল থেকে খাওয়াই সবচেয়ে ভালো।
এই যুক্তিগুলো অগ্রাহ্য করা সত্যিই কঠিন।
ফুচকা শুধু খাবার নয়, এক স্মৃতি
ফুচকা শুনলেই জিভে জল আসে—এমন মানুষ খুব কমই আছে।
কিন্তু রাস্তার ফুচকার স্বাদ আসলে শুধু খাবারের স্বাদ নয়, এটা স্মৃতির স্বাদও।
হয়তো সময় বদলেছে। শহরের রাস্তাও বদলেছে। কিন্তু ফুচকার সেই প্রথম স্বাদ—যেটা লুকিয়ে খাওয়া আর বন্ধুর সঙ্গে ভাগ করে নেওয়া—সেটা আজও বদলায়নি।
ফুচকাওয়ালার কাজটাও খুব সহজ নয়। এক হাতে আলু মাখা, অন্য হাতে ফুচকা ভরা, আবার কারও ঝাল কম, কারও টক বেশি—সব মনে রাখতে হয়। বিকেলের সেই ছোট্ট ঠেলার সামনে দাঁড়িয়েই যেন তিনি একাই একটা ছোট রান্নাঘর চালান। এই কাজটাও এক ধরনের রাস্তার দক্ষতা, এক ধরনের অদৃশ্য শিল্প।
কলকাতার ফুচকা বিক্রেতাদের জীবন ও কাজ নিয়েও Biswabangalee-তে আলাদা একটি লেখা আছে।
ফুচকা খাওয়ার সময় যদি পারেন শালপাতার বাটি কিনে নেবেন। সেই ছোট্ট বাটিটাও কিন্তু কারও হাতে তৈরি। জঙ্গল থেকে পাতা কুড়িয়ে, সুতো বা কাঠি দিয়ে জুড়ে যে মানুষগুলো এই বাটিগুলো বানান, তাদের হাতের কাজই শহরের রাস্তার খাবারের সঙ্গে গ্রামবাংলার এক অদৃশ্য সম্পর্ক তৈরি করে।
ফুচকা নিয়ে সাধারণ প্রশ্ন
ফুচকা কী?
ফুচকা হল মচমচে পুরি বা গোল খোলের ভেতরে আলু মাখা, মশলা, কখনও ঘুগনি এবং তেঁতুলের টকজল ভরে তৈরি একটি জনপ্রিয় রাস্তার খাবার। কলকাতা এবং বাংলার বিভিন্ন জায়গায় এটি খুবই জনপ্রিয়।
ফুচকা ও পানিপুরির মধ্যে পার্থক্য কী?
ফুচকা ও পানিপুরি দেখতে একই রকম হলেও স্বাদে কিছু পার্থক্য রয়েছে। কলকাতার ফুচকায় সাধারণত টক-ঝাল আলু মাখা, তেঁতুলের জল এবং বিশেষ মশলার ব্যবহার বেশি হয়, যেখানে উত্তর ভারতের পানিপুরিতে ছোলা বা আলুর পুর এবং আলাদা ধরনের পানিপানি ব্যবহার করা হয়।
কলকাতার ফুচকা কেন এত জনপ্রিয়?
কলকাতার ফুচকা তার টক-ঝাল স্বাদ, তেঁতুলের জল এবং আলু মাখার বিশেষ মশলার জন্য আলাদা পরিচিতি পেয়েছে। রাস্তার মোড়ে দাঁড়িয়ে একের পর এক ফুচকা খাওয়ার অভিজ্ঞতাও এই খাবারকে আরও জনপ্রিয় করেছে।
ফুচকার সঙ্গে কী কী উপাদান থাকে?
ফুচকার ভেতরে সাধারণত আলু মাখা, সেদ্ধ মটর বা ঘুগনি, পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচালঙ্কা, ভাজা মশলা এবং তেঁতুলের টকজল থাকে। অনেক বিক্রেতা নিজের বিশেষ মশলার মিশ্রণও ব্যবহার করেন।
- শালপাতার বাটি : বন থেকে শহরের পথে এক ছোট্ট শিল্প
- ধোঁয়া ওঠা ঘুগনি: বাঙালির সহজ রাস্তার খাবারের গল্প
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন